
তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বোরো মৌসুমের সেচ পাম্পের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিপু (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৮ জুন) সকালে পুলিশ ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত নিপু উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার (৭ জুন) গভীর রাতে কামরাবাদ ইউনিয়নের গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত একটি সেচ পাম্পের পিডিবির (PDB) এসটি খুঁটির বৈদ্যুতিক তার চুরি করতে যান নিপু। একপর্যায়ে খুঁটিতে উঠে তার কাটার সময় অসাবধানতাবশত তিনি জীবন্ত বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে চলে আসেন। এতে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং তিনি নিচে পড়ে যান। আজ সোমবার সকালে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে কাজ করতে গিয়ে নিপুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সরিষাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর কবির জানান, নিহত নিপু দীর্ঘদিন ধরে তীব্র মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তাঁর বাবা নিজের চাষাবাদের পৈতৃক জমি বিক্রি করে এবং চড়া সুদে ঋণগ্রস্ত হয়ে তিন তিনবার তাকে বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু মাদকের মরণনেশা তাকে প্রবাসজীবনে স্থির থাকতে দেয়নি; প্রতিবারই মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি দেশে ফিরে আসেন। ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে গিয়ে পরিবারটি আজ প্রায় সর্বস্বান্ত। বর্তমানে কোনো উপায় না পেয়ে নিপুর বৃদ্ধ বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় দিনমজুরের কাজ করছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের এমন করুণ মৃত্যুর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এআইএল/সকালবেলা